সৌদি রাজপুত্রের রহস্যমৃত্যুর জট খুলল

সৌদি রাজপুত্রের রহস্যমৃত্যুর জট খুলল

গত বছর যুক্তরাজ্যের লন্ডনের একটি বিলাসবহুল হোটেলের কক্ষ থেকে সৌদি রাজপরিবারের এক সদস্যের মরদেহ উদ্ধার হয়। নিহত ২৯ বছর বয়সী এই রাজপুত্রের নাম আব্দুল্লাহ বিন ফাহাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন জালাউই আল সৌদ। প্রায় ৭ মাস পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করেছে যুক্তরাজ্যের তদন্ত দল।

এতে মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত মদ্যপান ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধের মাত্রাতিরিক্ত সেবনকে দায়ী করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের ২৫ নভেম্বর কেনসিংটনের ম্যারিয়ট হোটেলের একটি কক্ষের বাথরুমের মেঝেতে আব্দুল্লাহ অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাৎক্ষণিকভাবে চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান।

টেলিগ্রাফের প্রতিবেদন বলছে, রাজপুত্র আব্দুল্লাহ এক সপ্তাহের জন্য গত ১৯ নভেম্বর ওই পাঁচতারকা হোটেলে ওঠেন। সিসিটিভি ফুটেজে মৃত্যুর আগের দিন সন্ধ্যায় তাঁকে হোটেলের বাইরে ধূমপান করতে এবং পরে একাই কক্ষে ফিরতে দেখা যায়।

ইনার ওয়েস্ট লন্ডন করোনাস কোর্টে অনুষ্ঠিত সুরতহাল শুনানিতে সহকারী করোনার জিন হারকিন জানান, রাজপুত্র আব্দুল্লাহর মৃত্যু হয়েছে একাধিক মাদকের প্রভাবজনিত জটিলতায়। ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে রায় দেওয়া হয়েছে।

সুরতহাল শুনানিতে জানানো হয়, টক্সিকোলজি পরীক্ষায় দেখা গেছে রাজপুত্র আব্দুল্লাহর রক্তে অ্যালকোহলের পরিমাণ ছিল প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের দেওয়া তথ্য অনুযায়ী, আদালতের কাছে বিশেষজ্ঞরা জানিয়েছেন, রক্তে এই মাত্রার অ্যালকোহল কোনো ব্যক্তিকে কোমায় পাঠানোর জন্য যথেষ্ট।

তদন্তকারীরা তাঁর শরীরে উচ্চমাত্রার গামা-হাইড্রোক্সিবুটাইরেট নামের একটি পার্টি ড্রাগের উপস্থিতিও পেয়েছেন। এর পাশাপাশি গাঁজা, জ্যানাক্স এবং অন্যান্য মানসিক উদ্বেগের ওষুধের উপস্থিতি মিলেছে।

ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, রাজপুত্র আব্দুল্লাহর শরীরে কোনো জটিল রোগ ছিল না। বরং অতিরিক্ত অ্যালকোহল ও বিভিন্ন মাদকের এই বিষাক্ত মিশ্রণই তাঁর মৃত্যুর কারণ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *