নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা থাকলেও এ মুহূর্তে জ্বালানির মূল্য বাড়ানোর বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত কয়েক সপ্তাহে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল। বর্তমানে আন্তর্জাতিক বাজারে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও সরকার নতুন করে দাম বাড়ানোর পরিকল্পনা করছে না।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে বাস্তব পরিস্থিতিতে নতুন কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, আগের শুল্কনীতির নির্ধারিত সময় শেষ হওয়ায় একই হারে শুল্ক বহাল রাখা হয়েছে। শুধু নতুন কাঠামোর অধীনে এটি কার্যকর হবে। ফলে নতুন করে আরোপিত শুল্ক কার্যত আগের নীতিরই ধারাবাহিকতা।

এদিকে, দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১০০ জন চা-শ্রমিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *