আগামীকাল থেকে শুরু হচ্ছে আগামী বছরের (২০২৭) হজের প্রাথমিক নিবন্ধন। সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হয়ে নিবন্ধন চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রবিবার (২৬ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। পাশাপাশি গুরুতর ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজ পালনের অনুমতি দেওয়া হবে না।
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগে আক্রান্ত, স্নায়ুবিক বা মানসিক রোগী, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি এবং কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগীরা হজে যেতে পারবেন না।
এ ছাড়া সক্রিয় সংক্রামক রোগ, যেমন যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিদেরও হজযাত্রার অনুমতি দেওয়া হবে না। গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা কিংবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরাও হজের জন্য প্রয়োজনীয় ফিটনেস সনদ পাবেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীকে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে। একই সঙ্গে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে—এমন পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বা বেসরকারি—যেকোনো ব্যবস্থাপনায় সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে তার আগে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে।

