‘ককরোচ’ আন্দোলনকে জুলাইয়ের সঙ্গে তুলনা: তসলিমাকে অভিজিতের জবাব, ‘আমরা এক না’

‘ককরোচ’ আন্দোলনকে জুলাইয়ের সঙ্গে তুলনা: তসলিমাকে অভিজিতের জবাব, ‘আমরা এক না’

নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনকে বাংলাদেশ ও নেপালের ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা করে যে মন্তব্য করেছেন, তার কড়া জবাব দিয়েছেন সিজেপির মুখ্য সংগঠক অভিজিত দিপকে।

সোমবার বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিত বলেন, “বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে দিল্লির যন্তর মন্তরের তুলনা করা হচ্ছে শুধু আমাদের বদনাম করার জন্য। আমরা একরকম না।”

এর আগে গত রোববার পশ্চিমবঙ্গের কলকাতায় এক মন্তব্যে তসলিমা নাসরিন বলেন, সিজেপির আন্দোলনের একটি ক্লিপ দেখে তার ২০২৪ সালের বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা মনে পড়ে গিয়েছিল। ওই আন্দোলনে ক্ষমতা হারিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন।

তসলিমার ভাষ্য, “বাংলাদেশের ছাত্র আন্দোলন আমাদের বোকা বানিয়েছে। কারণ আমরা ভেবেছিলাম ছাত্ররা কোটা পদ্ধতি বাতিল চায়। শেখ হাসিনাও তাদের দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সরকারের পতন হল। পরে দেখলাম এর পেছনে উগ্রপন্থিরা ছিল। এর ফল বাংলাদেশের জন্য ভালো হয়নি।”

তসলিমার ওই মন্তব্যের জেরেই তার সমালোচনা করেন সিজেপির অভিজিত দিপকে। সেই সঙ্গে তিনি বলেন, “দেশজুড়ে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর সিজেপির দায়িত্ব বেড়ে গেছে। শিগগিরই সংগঠনের পরিসর বাড়ানো হবে।”

জাতীয় নিয়োগ পরীক্ষাগুলোতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে সিজেপি। সে সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়।

তরুণদের বিপুল উপস্থিতির পাশাপাশি শিল্পী, বুদ্ধিজীবী, সমাজকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সংহতিতে আন্দোলন আরো তীব্র রূপ নেয়।

সিজেপির টানা ৩৭ দিন আন্দোলনের জেরে গত ২৫ জুলাই পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র। নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান প্রহ্লাদ যোশী।

তবে সিজেপি বলেছে, তারা প্রহ্লাদ যোশীকেও শিক্ষামন্ত্রীর দায়িত্বে দেখতে চায় না।

অবিলম্বে সর্ব ভারতীয় প্রবেশিকা পরীক্ষা বা নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কারণে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ না দেওয়া হলে ফের বড়সড় আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন অভিজিত দিপকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *