প্রতিবন্ধী লুতুর একমাত্র টং দোকানে বারবার চুরি, সম্বল হারিয়ে দিশেহারা পরিবার

প্রতিবন্ধী লুতুর একমাত্র টং দোকানে বারবার চুরি, সম্বল হারিয়ে দিশেহারা পরিবার

কুমিল্লার হোমনা উপজেলার এক শারীরিক প্রতিবন্ধী দোকানির টং দোকানে আবারও চুরির ঘটনা ঘটেছে। পরিবারের একমাত্র আয়ের উৎসে বারবার চুরির ঘটনায় হতাশা ও অনিশ্চয়তায় দিন কাটছে ওই পরিবারের।

জানা গেছে, রোববার (২৬ জুলাই) গভীর রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর দক্ষিণপাড়া সরদার বাড়ি এলাকার বাসিন্দা মরহুম খুরশেদ মিয়ার ছেলে মো. লুৎফর রহমান লুতুর টং দোকানে চুরি হয়। দুর্বৃত্তরা দোকান থেকে নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

কান্নাজড়িত কণ্ঠে লুৎফর রহমান বলেন, ছোট এই দোকানটিই তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। এর আগেও একই দোকান থেকে প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে উঠতে ধারদেনা করে আবার ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু এবারও প্রায় ১৩ হাজার টাকার নগদ অর্থ ও পণ্যসামগ্রী খোয়া যাওয়ায় তিনি চরম সংকটে পড়েছেন।

স্থানীয়রা জানান, একজন অসহায় প্রতিবন্ধী মানুষের জীবিকার একমাত্র অবলম্বনে বারবার চুরির ঘটনা উদ্বেগজনক। তাদের মতে, দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানো প্রয়োজন।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *