প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে স্বামীর আবেগঘন পোস্ট, কয়েক ঘণ্টা পর…

প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে স্বামীর আবেগঘন পোস্ট, কয়েক ঘণ্টা পর…

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে মোটরসাইকেলে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় তাসনিম আক্তার লিজা (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সামিম হাসান গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সাতদরগা-রংপুর সড়কের কালিস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিজা উপজেলার গুয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে। আহত সামিম উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের লুৎফর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে সামিম হাসানের সঙ্গে লিজার বিয়ে হয়। শনিবার ছিল তাদের প্রথম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে সন্ধ্যায় স্বামীর মোটরসাইকেলে করে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন লিজা। পথে কালিস্থান এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিজার মৃত্যু হয়। গুরুতর আহত সামিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে স্ত্রীকে নিয়ে স্বামী সামিম হাসানের দেওয়া একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টে তিনি লেখেন, ‘ক্যালেন্ডারের পাতা উল্টে একটি বছর পার হয়ে গেল, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা আজও সেই প্রথম দিনের মতোই সতেজ। জীবনের চড়াই-উতরাইতে তুমি ছিলে আমার সবচেয়ে বড় শক্তি। তোমাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া আমার জীবনের সেরা সিদ্ধান্ত। শুভ বিবাহবার্ষিকী, প্রিয়তমা!’

বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রীকে হারানোর ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *