‘মাত্র ইন্টার পড়ুয়া একটা ছেলের জীবন অন্ধকার হয়ে গেল’

‘মাত্র ইন্টার পড়ুয়া একটা ছেলের জীবন অন্ধকার হয়ে গেল’

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে সংঘর্ষে আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরী (১৯)-কে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন সংগঠনটির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য সচিব জাবের বিন নুর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, আলিফের একটি চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, অস্ত্রোপচারের মাধ্যমে চোখের স্বাভাবিক আকৃতি ধরে রাখার চেষ্টা করা হবে। পাশাপাশি অন্য চোখ ও মস্তিষ্কেও জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

পোস্টে জাবের বিন নুর লিখেছেন, “মাত্র ইন্টার পড়ুয়া একটি ছেলের জীবন অন্ধকার হয়ে গেল।” তিনি দাবি করেন, নানা পারিবারিক প্রতিকূলতার মধ্যেও আলিফ সমাজ ও দেশের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতেন।

তিনি আরও উল্লেখ করেন, আলিফের মা মানসিক অসুস্থ, বাবা শারীরিকভাবে অক্ষম এবং ছোট ভাই অটিজমে আক্রান্ত। এসব চ্যালেঞ্জের মধ্যেও আলিফ নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন এবং পরিবারের দায়িত্ব পালনের চেষ্টা করছিলেন।

জাবের বিন নুর তার পোস্টে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রান্তিক পরিবারের তরুণদের নেতৃত্বে আসার সুযোগ সীমিত ছিল। এনসিপি সেই সুযোগ তৈরির স্বপ্ন দেখালেও আলিফের মতো তরুণদের ওপর হামলা সেই স্বপ্নকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি হামলার সঙ্গে জড়িতদের সমালোচনা করে বলেন, ক্ষমতা ও আধিপত্যের রাজনীতির কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ঘটনার বিচার দাবি করেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুরুতর আহত হন আলিফ চৌধুরী। ঘটনার পর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *