মেয়ের বিয়ের বাজারের টাকা হারালো রাস্তায়, কুড়িয়ে পেয়ে ফেরত দিল ট্রাফিক পুলিশ

মেয়ের বিয়ের বাজারের টাকা হারালো রাস্তায়, কুড়িয়ে পেয়ে ফেরত দিল ট্রাফিক পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলি এলাকায় রাস্তায় পড়ে থাকা ৫০ হাজার টাকা উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে সদর ট্রাফিক পুলিশ। মেয়ের বিয়ের বাজার করতে এসে টাকা হারিয়ে বিপাকে পড়া তাজুল ইসলাম পুলিশের কাছ থেকে টাকা ফিরে পেয়েছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেলে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই করে তাজুল ইসলামের হাতে তার হারিয়ে যাওয়া টাকা তুলে দেওয়া হয়।

পুলিশ জানায়, মেয়ের বিয়ের কেনাকাটার জন্য নবীনগর উপজেলার রসুলপুর গ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে জেলা শহরের কাউতুলি মোড়ে আসেন তাজুল ইসলাম। অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করে তিনি চলে যান। এ সময় অসাবধানতাবশত তার সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ভর্তি ব্যাগটি রাস্তায় পড়ে যায়। বিষয়টি তখন তার নজরে আসেনি।

কাউতুলি এলাকায় দায়িত্ব পালনকালে ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের এটিএসআই নরুল আমিন ব্যাগটি দেখতে পান। পরে ব্যাগ খুলে সেখানে ৫০ হাজার টাকা পাওয়া যায়। বিষয়টি তিনি ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রাসেলুর রহমানকে জানান। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়।

এদিকে টাকা হারানোর বিষয়টি বুঝতে পেরে তাজুল ইসলাম পুলিশের কাছে আসেন। পরে তার দেওয়া তথ্য ও প্রয়োজনীয় প্রমাণ যাচাই করে উদ্ধার হওয়া ৫০ হাজার টাকা তার কাছে ফেরত দেওয়া হয়।

টাকা ফিরে পেয়ে তাজুল ইসলাম বলেন, মেয়ের বিয়ের বাজার করতে শহরে এসেছিলেন তিনি। অসাবধানতাবশত তার সব টাকা রাস্তায় পড়ে গেলেও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর জানতে পারেন, একজন পুলিশ কর্মকর্তা তার টাকা পেয়েছেন। পরে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দেওয়ার পর পুলিশ তার টাকা বুঝিয়ে দেয়।

তিনি আরও বলেন, “পৃথিবীতে এখনও সৎ মানুষ আছে। তাদের কারণেই আমি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। টাকা না পেলে মেয়ের বিয়ে দিতে অনেক কষ্ট হতো।”

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *