কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা যদি সংসদ বয়কট করে রাজপথে নামেন, তাহলে বর্তমান সরকার দুই দিনও টিকতে পারবে না। তিনি বলেন, “দেশ পরিচালনা করতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালনা করুন। জুলাই সনদ মেনে নিতে আমাদের আপত্তি না থাকলে আপনাদের আপত্তি কোথায়?”
বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারপ্রধানকে উদ্দেশ করে আমির হামজা বলেন, ‘মানুষের ক্ষোভকে গুরুত্ব দিন। অন্যথায় শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতা ছাড়তে হয়েছে, তেমনি পরিস্থিতি সৃষ্টি হলে আপনার দলীয় সন্ত্রাসীরাই আপনাকে বিপদে ফেলবে।’
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ কাজ করেছে তারা প্রকৃত রাজনৈতিক কর্মী নয়; এর পেছনে পরিকল্পিতভাবে অন্য কেউ প্রবেশ করেছে বলে আমার ধারণা।’
জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, তাদের বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সংসদ সদস্যরা মন্ত্রণালয় পর্যায়ে চেষ্টা করেছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক নয় বলেও অভিযোগ করেন তিনি। একই সাথে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগও তোলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ। এতে বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হক, এনসিপির কুষ্টিয়ার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি এবং ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতারা।

