বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল লেখাকে কেন্দ্র করে ভিন্নধর্মী একটি শাস্তির ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার নাম ভুলভাবে লেখায় তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাইদকে ৩০০ বার সঠিক নাম লিখে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট শিক্ষার্থী সাইদুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেন, একটি শব্দের বানানে মাত্র একটি অক্ষরের ভুলের কারণে তাকে পুরো নামটি ৩০০ বার লিখতে হয়েছে, যা তার বিশ্ববিদ্যালয় জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বিষয়টিকে অপ্রয়োজনীয় ও অস্বস্তিকর শাস্তি হিসেবে আখ্যায়িত করে সমালোচনা করেছেন।
ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী রেদোয়ান সরকার ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, বিভাগের শিক্ষার্থীদের এমন নানা ধরনের অযৌক্তিক অ্যাসাইনমেন্টের মুখোমুখি হতে হয় এবং সৃজনশীলতার পরিবর্তে অনেক সময় এগুলো এক ধরনের মানসিক চাপ তৈরি করে।
অন্যদিকে, কিছু শিক্ষার্থী শিক্ষকের সিদ্ধান্তের পক্ষেও মত দিয়েছেন। ইসরাত জাহান নামে এক শিক্ষার্থী মন্তব্য করেন, তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থীর উচিত শিক্ষকের নাম সঠিকভাবে লেখা এবং এ বিষয়ে আরও সচেতন থাকা।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

