ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের একটি বিয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের এক হাজার ২৩০ জন বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এ বিবৃতিতে শীর্ষস্থানীয় আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।
মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাদাতের পাঠানো বিবৃতিতে দাবি করা হয়, সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে সংঘটিত সমলিঙ্গের বিয়ের ঘটনাটি দেশের প্রচলিত আইন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক রীতিনীতির সঙ্গে সাংঘর্ষিক। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইনে ‘ট্রান্সজেন্ডার’ পরিচয় এবং সমলিঙ্গের বিয়ের বিষয়ে তাদের নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী আইনগত স্বীকৃতি নেই বলে তারা মনে করেন। পাশাপাশি দণ্ডবিধির ৩৭৭ ধারার উল্লেখ করে এ ঘটনায় প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়।
স্বাক্ষরকারীরা দাবি করেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা না নেওয়া হলে সামাজিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বিবৃতি প্রদানকারীদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আলেম, পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা রয়েছেন। তাদের পূর্ণাঙ্গ তালিকা মূল্যবোধ আন্দোলনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

