ইসলাম গ্রহণের খবর অস্বীকার করলেন রবার্তো কার্লোস

ইসলাম গ্রহণের খবর অস্বীকার করলেন রবার্তো কার্লোস

মরোক্কান বংশোদ্ভূত সুহাইলা আল-তাহিরির সাথে বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ও রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রবার্তো কার্লোস।

সম্প্রতি তুর্কি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ৫৩ বছর বয়সী কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী আলেম শায়খ জিহাদ হামাদার সাথে সাক্ষাৎ করে শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলী শাহিন সামাজিক মাধ্যম এক্স-এ সাও পাওলোর একটি মুসলিম যুব সংস্থার বরাত দিয়ে এই দাবি প্রকাশ করলে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

অবশেষে এই গুঞ্জন নিয়ে নীরবতা ভেঙে সৌদি পত্রিকা ওকাজ কে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্তো কার্লোস বলেন, ইসলাম ধর্মের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নিয়মিত নামাজ আদায় করতে দেখা এক অসাধারণ অনুভূতি। তবে আমার ইসলাম ধর্ম গ্রহণের যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য।

বিয়ের অনুষ্ঠান ঘিরে ভুল বোঝাবুঝির বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি আরও যোগ করেন, আমাদের বিয়ের উদযাপন একাধিক রীতিতে সম্পন্ন হয়েছে। আমার পরিবারের সদস্যরা ক্যাথলিক খ্রিস্টান হওয়ায় তাদের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাস অনুযায়ী একটি অনুষ্ঠান করা হয়েছিল। পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আরেকটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

উল্লেখ্য, এটি আনুষ্ঠানিকভাবে ৫৩ বছর বয়সী কার্লোসের তৃতীয় বিয়ে। এর আগে প্রথম স্ত্রী আলেকজান্দ্রা পিনহেইরোর সঙ্গে ২০০৩ সালে তার বিবাহবিচ্ছেদ হয়; সেই সংসারে তার তিন সন্তান রয়েছে। এরপর ২০০৯ সালের জুনে তিনি দ্বিতীয় স্ত্রী মারিয়ানা লুকনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দীর্ঘ ১৫ বছরের বেশি সময় সংসার করার পর ২০২৫ সালের শুরুতে তাদের বিচ্ছেদ ঘটে। মারিয়ানার সংসারে কার্লোসের দুটি কন্যাসন্তান রয়েছে। সব মিলিয়ে সাতজন নারীর গর্ভে রবার্তো কার্লোস ১১ সন্তানের জনক এবং ২০১৭ সালের অক্টোবরে তাঁর মেয়ে জিওভানা পুত্রসন্তানের জন্ম দেওয়ায় তিনি নানাও হয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *