সাতক্ষীরার দেবহাটায় সাহানারা বেগম নামের এক প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) সকালে উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাহানারা বেগম (৩৮) সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামের মৃত জাহিদ হোসেনের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে ওই নারীকে নিজ বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে সকালে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। এরপর পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠান।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, কয়েক বছর আগে তার স্বামী মরহুম জাহিদ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সংসারের স্বচ্ছলতা ফেরাতে তিনি বিদেশে যান। সম্প্রতি দেশে ফিরে আসেন ওই নারী। তবে, কী কারণে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিতভাবে কোনো কারণ জানাতে পারেননি।
এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

