যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। রবিবার (১২ জুলাই) ভোরে তেহরানের চালানো হামলার পর বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে উপসাগরীয় দেশগুলো।
এরআগে, হরমুজ প্রণালীর অননুমোদিত পথ দিয়ে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজ পারাপারের চেষ্টা করলে গুলি ছোড়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী – আইআরজিসি। বাহিনীটির দাবি,
বারবার নির্দেশনা অমান্য করায় সতর্কতামূলক গুলি চালিয়ে সাইপ্রাসের জাহাজটিকে থামানো হয়। ঠিক ওই ঘটনার পরপর হরমুজ প্রণালীও সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় আইআরজিসি। হরমুজে জাহাজে হামলার প্রতিক্রিয়ায় ইরানে তৃতীয় দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
শনিবার রাতের হামলায় ইরানের বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বন্দর-ই দেয়ার এবং আসালুয়েহ বন্দরকে লক্ষ্যবস্তু করে মার্কিন বাহিনী। জাস্ক ও বুশেহরে অন্তত ২৪টি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ইরানকে আরও চড়া মূল্য দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

