সোমবার (২৭ জুলাই) দুপুরে হাসপাতালের ভেতরেই এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত মনিরা বেগম (২৫) নওগাঁর ধামইরহাট উপজেলার ওমরপুর গ্রামের মাসুদ রানার মেয়ে। তিনি দুই সন্তানের জননী এবং পুনরায় অন্তঃসত্ত্বা ছিলেন। অন্যদিকে অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেন (২৭) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিষ কুমারের বরাতে জানা যায়, গর্ভাবস্থার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (চেকআপ) করাতে ওই দম্পতি হাসপাতালে এসেছিলেন। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে ফরহাদ ধারালো ছুরি দিয়ে তার স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মনিরাকে মৃত ঘোষণা করেন। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের পর হাসপাতাল এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফরহাদকে আটক করে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

