দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার শিক্ষার্থীদের জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন।
সম্প্রতি ‘শিক্ষাঙ্গনে সুপেয় পানি প্রকল্প’-এর আওতায় রংপুর ও নীলফামারীর তিনটি মাদ্রাসায় স্থাপন করা হয়েছে দুটি নলকূপ ও একটি সাবমার্সিবল পাম্প। এর মাধ্যমে প্রায় ৭০০ শিক্ষার্থী বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছে।
ফাউন্ডেশন জানিয়েছে, মাঠপর্যায়ে প্রকৃত প্রয়োজন যাচাই করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
২০২৫ সালে প্রতিষ্ঠিত সরকার-নিবন্ধিত অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারী। শিক্ষা, গবেষণা, মানবকল্যাণ এবং সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।
ফাউন্ডেশনের ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে আধুনিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা বিস্তার, শিক্ষাবৃত্তি, দাওয়াহ ও গবেষণা কার্যক্রম এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপদ সুপেয় পানি শুধু স্বাস্থ্য সুরক্ষার বিষয় নয়, এটি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করারও একটি গুরুত্বপূর্ণ উপাদান। এ কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি।

